গাজীপুরের শ্রীপুরে আদিবাসী পল্লীর গহিন জঙ্গলে অভিযান চালিয়ে চোলাই মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ছয় ড্রাম চোলাই মদ জব্দ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।
স্থানীয়রা জানান, পোসাইদ এলাকার গহিন জঙ্গলে একটি চক্র দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এতে এলাকার যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। বিষয়টি বন্ধে স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে মোট নয় ড্রাম চোলাই মদ পাওয়া যায়। এর মধ্যে পূর্ণাঙ্গ ছয় ড্রাম চোলাই মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
শ্রীপুর থানার এসআই আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









