মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের প্রধান সড়কে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত কুলাউড়া পৌরশহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।
এ সময় ৭টি সিএনজি অটোরিকশা জব্দ ও সাইদুর রহমান নামে এক শ্রমিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের অপরাধে ৭টি সিএনজি অটোরিকশা জব্দ করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান, পৌর শহরের প্রধান সড়কে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে ও সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। শহরের মূল সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
আইন অমান্য করে যেখানে-সেখানে যানবাহন পার্কিং করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে সিএনজি শ্রমিকরা আকস্মিক অভিযান পরিচালনা করে জরিমানা করা ও আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, ‘‘গত সপ্তাহে উপজেলা প্রশাসন আয়োজিত এক সভায় সিএনজি শ্রমিক নেতা ও বিভিন্ন স্তরের ব্যক্তিগণের উপস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিটি স্ট্যান্ডে ২টি করে গাড়ি রাখার সিদ্ধান্তসহ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে তা কার্যকর হয়। কিন্তু চিত্র সেই আগের মতো হওয়ায় আজ অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









