ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে বহিরাগত ব্যক্তির অননুমোদিত ভিডিও ধারণ, শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভাগীয় শিক্ষার্থীরা।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের একান্ত সচিব ও উপ-রেজিস্ট্রার গোলাম মাহফুজ নিকট এ স্মারকলিপি হস্তান্তর করেন তারা।
উপ-রেজিস্ট্রার গোলাম মাহফুজ বলেন, ‘‘উপাচার্য মহোদয় প্রোগ্রামে ব্যস্ততায় কারণে আমি স্মারকলিপি গ্রহণ করি। পরে এটি উপাচার্য মহোদয়কে প্রেরণ করেছি।’’
স্মারকলিপিতে জানানো হয়েছে, ১৮ আগস্ট (রবিবার) দুপুর আনুমানিক দেড়টায় ইইই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানের ব্যক্তিগত কক্ষ ভাংচুর করা হয়। এ বিষয়ে সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন ও অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান স্যারের উপস্থিতিতে আলোচনা চলাকালে এক অপরিচিত বহিরাগত ব্যক্তি না জানিয়ে গোপনে ভিডিও ধারণ শুরু করেন। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীরা তাকে বাধা দিলে সে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি প্রদান করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের কর্মকর্তারা এসে ওই ব্যক্তির মোবাইল ফোন হেফাজতে নেন।
শিক্ষার্থীদের দাবি, উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ণ করছে। এ অবস্থায় ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন, বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ এবং বহিরাগতদের বিভাগে প্রবেশ বন্ধসহ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘‘পিএসের মাধ্যমে একটি ডকুমেন্ট পেয়েছি। আমার জানা মতে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারপরও বিষয়টি আমি দেখব।’’
এর আগে ১৬ আগস্ট ব্যক্তিগত কক্ষে অনুমতি ছাড়া দুই শিক্ষকের বাকবিতণ্ডার ভিডিও ধারণের অভিযোগে এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট ঘটনায় কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান আহ্বায়ক ও ডেপুটি রেজিস্ট্রার জামিরুল ইসলাম সদস্য সচিব ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলাকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









