বগুড়ার শাজাহানপুরে পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং ‘জালাল গ্রুপের’ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প। শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল তালপুকুর পাড়া ও হাটখোলা পাড়ায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব-১২ জানায়, রাত ৩টার দিকে তালপুকুর পাড়ায় অভিযান চালিয়ে বাপ্পী হাসান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি লোহার চাপাতি, ১৩টি ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়।
এরপর শাবরুলের হাটখোলা পাড়ায় পৃথক অভিযান চালানো হয়। সেখান থেকে মো. ইউসুফ প্রামানিক (২২), মো. জালাল মন্ডল (৩৮), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৩), রিপন প্রামানিক (২৭), আকাশ প্রামানিক (১৯), শুভ (২০), কাইয়ম প্রামানিক (১৯), কাউছার হোসেন (২০) এবং ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, তাদের কাছ থেকে নয়টি লোহার চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিম উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার জালাল মন্ডলের বিরুদ্ধে কাহালু, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও হামলাসহ বিভিন্ন ধারায় তিনটি মামলা রয়েছে। এছাড়া বাপ্পী হাসানের বিরুদ্ধেও শাজাহানপুর থানায় একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা আলামতসহ তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









