দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে।
নতুন ৬৭১ জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬২৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৩৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ২৪৯ জন। এছাড়া খুলনায় ১৩৩ জন, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৮৩, বরিশালে ৭০ এবং ময়মনসিংহে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুইজন করে মারা যান। মে মাসে মৃত্যু হয় একজনের। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে আরও দুইজনের মৃত্যু হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









