ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে দিনভর কুষ্টিয়া মেডিকেল কলেজ ‘মেডিসিন ক্লাব’-এর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিম, গ্রিন ভয়েস ও তারুণ্য’র সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় এ কর্মসূচি শুরু হয়।
উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মো. সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘‘কুষ্টিয়া মেডিকেল কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই যৌথ আয়োজন দুই প্রতিষ্ঠানের মধ্যে মৈত্রী বন্ধন সুদৃঢ় করবে। তিনি এ উদ্যোগের সঙ্গে যুক্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষার্থী ও টেকনিক্যাল কর্মকর্তাদের পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের রক্তিম, তারুণ্য ও গ্রিন ভয়েসকে জন্য ধন্যবাদ জানান।’’
উপাচার্য বলেন, ‘‘এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো চিকিৎসা প্রত্যাশী অসহায় রোগীদের জীবন বাঁচাতে রক্তদানের মাধ্যমে সহায়তা করা। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।’’
তিনি আরও বলেন, ‘‘এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবতার সেবায় এগিয়ে আসবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা-মননের সংযোগ ঘটাবে।’’
উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে চর্ম, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, রক্তের শর্করা/সুগার পরীক্ষা, সাধারণ শারীরিক পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









