লালমনিরহাটের পাটগ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিবউদ্দিন অরফে সেলিম (৪২) নামে মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশ্য প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সাড়ে ১০টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অভিযুক্ত সেলিম পাটগ্রাম থেকে হাতীবান্ধায় তার বোনের বাসায় আশ্রয় নেয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মজিবউদ্দিন সেলিম জোংড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ বছর বয়সী সিনহা বাড়ির উঠানে খেলার সময় মোবাইলে ভিডিও দেখার কথা বলে প্রতিবেশী সেলিম কৌশলে তার বাসায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে।
এদিকে, বাড়ির উঠানে সিনহাকে দেখতে না পেয়ে আশেপাশের এলাকায় খুঁজতে শুরু করে তার মা। পরে ভুক্তভোগী শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে তার পরিবারকে ঘটনাটি জানায়। এসময় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় বলেন, হাসপাতালের জরুরি বিভাগে নয় বছরের একটি মেয়ে শিশু ভিকটিম হিসাবে আসে,তার যে হিস্ট্রি বা ইতিহাস যে দেয় সেটা হচ্ছে তাকে নির্যাতন করা হয়েছে। জরুরি বিভাগে ফিমেল ডাক্তার দিয়ে এক্সামিন করে শিশুটির শরীরের কিছু আঘাতের চিহ্ন এবং ইন্টারনাল অর্গানেও কিছু আঘাতের চিহ্ন রয়েছে। সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে স্হানীয়দের সহায়তায় গ্রেপ্তারের চেষ্টা করলে সেলিম সেখান থেকে পালিয়ে যায়। রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ধর্ষকের পরিচয় ও অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয় এবং সিনিয়র ম্যানেজমেন্ট পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং সার্কেল সারকে বিষয়টি অবগত করা হয়। তাদের নির্দেশনা মোতাবেক তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা পাটগ্রামের পার্শ্ববর্তী উপজেলা থেকে আসামিকে গ্রেপ্তারে সক্ষম হই। এখন মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









