বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে কয়েক মাসের জল্পনার অবসান ঘটেছে। সুনীতা আনুষ্ঠানিকভাবে আদালত থেকে গোবিন্দর বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতার ম্যানেজার শশী সিনহা।
২০২৪ সালের ৫ ডিসেম্বর হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫-এর অধীনে বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। আবেদনে তিনি পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে শশী সিনহা জানান, সুনীতা আগে আবেদন করলেও সেটি নিয়ে পরবর্তী সময়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এবার তিনি আনুষ্ঠানিকভাবে সেই আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।
শশী সিনহা বলেন, সুনীতা কেন আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন, তা তিনি জানেন না। তবে এখন বিষয়টির আইনি সমাপ্তি হয়েছে।
এদিকে, বুধবার ছেলে যশবর্ধন আহুজাকে সঙ্গে নিয়ে বান্দ্রা ফ্যামিলি কোর্টে দেখা যায় সুনীতাকে। আদালত থেকে বের হওয়ার সময় আলোকচিত্রীদের প্রশ্নের মুখে পড়লেও সেখানে যাওয়ার কারণ জানাননি তিনি। বরং মজা করে বলেন, ‘জন্মদিন উদ্যাপন করতে এসেছি।’
সাম্প্রতিক সময়ে গোবিন্দ ও অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের কিছু ছবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীতা। স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলেও মন্তব্য করেন তিনি। পরে ভিডিও বার্তায় এর জবাব দেন গোবিন্দ। স্ত্রীকে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে সতর্ক করে সীমা লঙ্ঘন না করার পরামর্শও দেন তিনি।
১৯৮৭ সালের মার্চে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। তাদের দুই সন্তান—মেয়ে টিনা আহুজা ও ছেলে যশবর্ধন আহুজা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









