শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকায় শরীয়তপুর-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী ছৈয়াল ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাই ছৈয়ালের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাড়ির উদ্দেশ্যে হেঁটে ফিরছিলেন হযরত আলী। চান্দনী এলাকায় পৌঁছালে শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
নিহতের ভাগ্নে সামসুল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মামা প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। কে জানত, এটাই তার শেষ যাওয়া হবে। একটা অ্যাম্বুলেন্স পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে মেরে চলে গেল। আমরা মামাকে আর ফিরে পাব না এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা চাই, যে অ্যাম্বুলেন্সটি তাকে ধাক্কা দিয়েছে সেটি দ্রুত শনাক্ত করে চালককে আইনের আওতায় আনা হোক।”
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ উপ-পরিদর্শক মো. জসিমউদ্দীন বলেন, “সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি, শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









