গাজীপুরে পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক যুবক, শ্রীপুরে ডাম্প ট্রাকের চাপায় এক বৃদ্ধ নারী এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ও দুপুরে কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলার পৃথক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ট্রেনে কাটা পড়ে শাকিল (৩১) নামে এক যুবকের নিহত হয়েছেন। নিহত শাকিল টাঙ্গাইলের মধুপুর থানার টেকিপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক জানান, সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেললাইনের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে শাকিলের মৃত্যু হয়। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সিআইডির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে স্বজনদের খবর দেওয়া হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ডাম্প ট্রাকের চাপায় বৃদ্ধা নিহত
শ্রীপুরে ওষুধ কিনতে অটোরিকশায় করে বাজারে যাওয়ার পথে ডাম্প ট্রাকের চাপায় তারাবানু (৭৫) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন। দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারাবানু বরমা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী।
আহতরা হলেন—একই গ্রামের আব্দুল আউয়াল (৪৫), মমতাজ উদ্দিন তালুকদার (৪০) ও নুরুল ইসলাম (৩২)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের ছেলে মো. মাইনুদ্দিন বলেন, ‘‘দুপুরে তার মা অটোরিকশায় করে পাশের বরমী বাজারে ওষুধ কিনতে যাচ্ছিলেন। বাজারে পৌঁছানোর আগমুহূর্তে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।’’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ চন্দ্র (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত পলাশ চন্দ্র দিনাজপুর জেলার কাহারুল থানার খান্ডা গ্রামের সূর্যকান্তের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দিনের কাজ শেষে পলাশ গোসল করতে যান। গোসল শেষে ভেজা কাপড় শুকানোর জন্য বাড়ির উঠানে থাকা একটি তারে কাপড় মেলতে যান। ওই তারটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
একই দিনে গাজীপুরের দুই উপজেলায় পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট থানা ও রেলওয়ে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









