সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে চলে যাওয়ার অভিযোগে চার সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিস।
বুধবার (১৯ আগস্ট) রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ জারি করা হয়।
তারা হলেন, শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী দাশ, রহমতা আক্তার, রুমী তালুকদার ও অর্চনা দেবী।
নোটিশে উল্লেখ করা হয়, গত বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্ধারিত সময়ের পূর্বেই ছুটি দেওয়া হয়। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ করা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকা চরম দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচায়ক।
কেন অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার সন্তোষজনক লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সহকারী শিক্ষক অর্চনা দেবী জানান, আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে শিক্ষার্থীদের পরীক্ষা থাকার কারণে ওইদিন নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়া হয়েছিল।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, ‘‘নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে চারজন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









