মাদারীপুরের শিবচরে শাম্পা খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের এ তথ্য জানান।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে নিহতের এক বছর বয়সী ছেলে আবিরকে আড়িয়াল খাঁ নদে ফেলে হত্যার কথাও জানিয়েছেন তিনি। তবে শিশুটির মরদেহ এখনো উদ্ধার হয়নি।
বুধবার (১৯ আগস্ট) সকালে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় একটি জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত হয়। নিহত শাম্পা নাটোরের লালপুর উপজেলার আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে মাদারীপুরের বড় মেহের এলাকার শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলা সংক্রান্ত ঘটনায় শাম্পার স্বামী কারাগারে থাকাকালে মাদারীপুর আদালতে ফারুকের সঙ্গে শাম্পার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ফারুক নিজের বাসা শিবচরের বাখরেরকান্দি এলাকায় নিয়ে এসে ওই নারীকে ধর্ষণ শেষে হত্যা করে পরিত্যক্ত একটি স্থানে লাশ ফেলে রাখে। এক বছরের শিশু পুত্রকে শ্বাসরোধে হত্যা করে লাশ আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে ফারুক।
এ ঘটনায় নিহতের বাবা ছামরুল ইসলাম ২০ আগস্ট শিবচর থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ ও র্যাব-৮ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজৈর থেকে বৃহস্পতিবার রাতে ফারুককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফারুক মোল্লা শিবচর উপজেলা বাখরেরকান্দি এলাকার রতন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, ফারুকের বাসা থেকে নিহতের স্বর্ণের নাক ফুল, রুপার চেইন, একজোড়া জুতা ও পোড়ানো অবস্থায় ওড়না উদ্ধার করা হয়েছে। কয়েক মাস আগে গাড়ি চুরির অভিযোগেও তাকে শিবচর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শিশুটির মরদেহ উদ্ধারে অভিযান চলছে। হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









