নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে (সা.) স্বাগত জানিয়ে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে। এতে কয়েক শতাধিক মোটরসাইকেল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদ ঈদগাহ মাঠ হতে এই শোভাযাত্রা বের করা হয়। আলা হযরত ইমাম আহমেদ রাযা ফাউন্ডেশন ও সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াত ওই শোভাযাত্রার আয়োজন করে।
আলা হযরত ইমাম আহমেদ রাযা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসরার আনসারী জানান, মূলত উত্তরবঙ্গের বৃহত্তম জাশনে জুলুছ আমাদের সৈয়দপুরে হয়ে থাকে। এবং সেই জাশনে জুলুছ ও পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর ঐতিহাসিক আনন্দ মোটরসাইকেল শোভযাত্রা বের হয়ে আসছে। এ বছরও অধিক সংখ্যক আশেকরা অংশ নিয়েছেন। দিন দিন এর পরিধি বাড়ছে।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম জানান, আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও আলা হযরত ফাউন্ডেশন যৌথভাবে এই আনন্দ র্যালী করে আসছে। প্রিয় নবীজির মিলাদের জন্য প্রতিবছর শান্তিপূর্ণভাবে এই আয়োজন হয়ে আসছে। মূলত সামনে আমাদের ঐতিহাসিক জুলুছের প্রাক প্রস্তুতি হিসাবে এই র্যালী হয়ে আসছে।
মোটরসাইকেল শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলা হযরত ইমাম আহমেদ রাযা ফাউন্ডেশন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে সালাতো সালামের পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









