ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, বর্তমান সরকারকে বিদায় নিতে হবে। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানিয়েছেন তিনি।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এ সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।
বিরোধী দলগুলোর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার কারণে বিপুলসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে বিরোধীরা।
রাহুল গান্ধীর বক্তব্যে নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি মোদি সরকারের পরিবর্তনের আহ্বানও উঠে এসেছে। তার মতে, সরকার পরিবর্তনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









