নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম করিমপুর গ্রামের হাজী রহমত উল্যা তালীমূল কুরআন নুরাণী মাদ্রাসার ভোটকেন্দ্রটি স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভোটার ও এলাকাবাসী।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ‘জমিদার হাট-মমিননগর’ সড়কের হাজী রহমত উল্যা তালীমূল কুরআন নুরাণী মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ওই এলাকার প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন পশ্চিম করিমপুর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ শহীদ উল্যাহ, সাবেক ইউপি সদস্য ফিরোজ আলম স্বপন, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি মহিন উদ্দিন ও বেলাল হোসেন সহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হাজী রহমত উল্যা তালীমূল কুরআন নুরাণী মাদ্রাসার ভোটকেন্দ্রে এ এলাকার মানুষ ভোট দিয়ে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রটি ৪ কিমি দূরে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের পাঁয়তারা করছে। যেখানে সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কেন্দ্র পরিবর্তন হলে এলাকার প্রায় ৭৫% সাধারণ ভোটারদের ভোগান্তি বাড়বে। বিশেষ করে নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
বক্তারা আরো বলেন, কোনো ধরনের জনমত যাচাই না করে ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হলে তা মেনে নেয়া হবে না। নিরাপত্তাবেষ্টিত এলাকা ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য আগের স্থানেই ভোটকেন্দ্র বহাল রাখার দাবি জানান তারা।
এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে ভোটকেন্দ্র স্থানান্তরের উদ্যোগ বাতিলের দাবি জানানো হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এর আগে কেন্দ্র বহাল রাখার দাবিতে গত ৭ আগষ্ট ৩ নম্বর ওয়ার্ডবাসীর (পশ্চিম করিমপুর, সৈয়দপুর ও নয়নপুর) পক্ষ থেকে নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদনে বিষয়টি জানান। এর প্রেক্ষিতে ১৯ আগষ্ট শুনানী কার্যক্রম অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









