স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশুসন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন এক বাবা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী শহরের আরশিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাবা ও ছেলে দুজনই গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার হাসেম মিয়ার ছেলে আল আমিন (২৫) এবং তার শিশুসন্তান আরিয়ান (৪.৫)। আল আমিন পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। স্বামীর মাদকের অভ্যাসে অতিষ্ঠ হয়ে কিছুদিন আগে স্ত্রী রুমি বেগম সন্তানকে আল আমিনের কাছে রেখে বাপের বাড়ি চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনতে আল আমিন পরিবারের সদস্যদের মাধ্যমে নানা চেষ্টা চালান। সম্প্রতি রুমি বেগম সংসারে ফিরে আসার আশ্বাস দিলে আল আমিন তার অপেক্ষায় ছিলেন। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত স্ত্রী ফিরে না আসায় গভীর হতাশায় পড়েন তিনি।
একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি আরশিনগর এলাকা অতিক্রম করার সময় সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দেন আল আমিন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় আল আমিনের ডান পা ও মাথায় এবং শিশু আরিয়ানের মাথায় গুরুতর আঘাত লাগে।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনির হোসেন জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টির বিস্তারিত তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









