অধিকৃত পশ্চিম তীরে বন্দুক হামলায় পাঁচ ইসরায়েলি আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই সন্দেহভাজন ফিলিস্তিনি হামলাকারী নিহত হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) হেবরন শহরের প্রবেশপথে একটি সামরিক চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেনাদের সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলির দৃশ্য দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলাকারীদের গাড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, বন্দুকধারীরা কাছের রুট ৩৫ মহাসড়কে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল। তবে চেকপোস্টের মুখোমুখি হওয়ার পর তারা সেখানে গুলি চালায়।
এ ঘটনার পর পশ্চিম তীরে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পশ্চিম তীরে পূর্ণাঙ্গ অবরোধের প্রস্তুতি নিতে তিনি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। শুক্রবার থেকেই এ পদক্ষেপ কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষেও সোমবার ও মঙ্গলবার পশ্চিম তীরে অবরোধ দেওয়ার পরিকল্পনা ছিল।
এদিকে, হামলার পর শুক্রবার সকালে নিজেদের নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এবারের নির্বাচনী প্রচারে নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন নেতানিয়াহু।
পশ্চিম তীরে এ হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুমে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









