সিলেটের ওসমানীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন।
শনিবার(২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের মো. নিয়ামত আলী (৪৫), তার স্ত্রী উসুফা বেগম (৩০), মেয়ে আয়শা আক্তার (৫)।
দুর্ঘটনায় আরো নিহত হন ওসমানীনগরের শেরপুর মাঝেরবাড়ী গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. লালন মিয়া (২৬)।
লালন মিয়া সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। নিহত চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা সাতজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে দুজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজন মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









