সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নতুন করে স্বাস্থ্যসেবার দ্বার খুলেছে। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সহজে ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘গ্রামীণ কল্যাণ ফুলসাইন্দ সামাজিক হাসপাতাল ও আঞ্চলিক অফিস’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতাল ও আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনউদ্দিন চৌধুরী, মেজর (অব.) খলিল বিন ওয়াহিদ এবং ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নতুন এই সামাজিক হাসপাতালের মাধ্যমে ফুলসাইন্দ ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসার জন্য দূরবর্তী শহর বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এখানে সাধারণ চিকিৎসার পাশাপাশি নারী ও প্রসূতি স্বাস্থ্যসেবা, চক্ষু চিকিৎসা, নাক-কান-গলা, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া স্যাটেলাইট স্বাস্থ্যসেবা, বাড়ি-বাড়ি স্বাস্থ্যসেবা, ডিজিটাল স্বাস্থ্য পরামর্শ এবং সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুবিধাও পর্যায়ক্রমে চালু করা হবে।
গ্রামীণ কল্যাণের স্বাস্থ্য সহকারীরা নিয়মিতভাবে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, পরিচ্ছন্নতা, মাতৃ ও শিশুসাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন। কোনো রোগীর জটিলতা শনাক্ত হলে প্রয়োজন অনুযায়ী তাকে সামাজিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, ফুলসাইন্দে এ ধরনের একটি হাসপাতাল প্রতিষ্ঠা স্থানীয় মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। হাসপাতালটি চালু হওয়ায় তার ইউনিয়নসহ আশপাশের এলাকার প্রায় ৫০ হাজার মানুষ স্থানীয়ভাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। গ্রামীণ কল্যাণের কার্যক্রমে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অন্যদিকে ফুলসাইন্দে আঞ্চলিক অফিস চালু হওয়ায় সিলেট অঞ্চলে গ্রামীণ কল্যাণের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় ও সম্প্রসারণ আরও সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৯৯৬ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে গ্রামীণ কল্যাণ। বর্তমানে দেশের ৩৮টি জেলায় প্রতিষ্ঠানটির ১৫৩টি কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ফুলসাইন্দ সামাজিক হাসপাতালের মাধ্যমে গোলাপগঞ্জসহ সিলেটের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









