নাটোরের গুরুদাসপুরে কাতার চ্যারিটি ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর যৌথ উদ্যোগে পরিচালিত তিন মাসব্যাপী ‘কেয়ার গিভিং ফর এল্ডারলি পারসন্স (লেভেল-৩)’ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের সমাপনী ও দ্বিতীয় ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার খুবজীপুরের প্রবীণ সেবা কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি যথাসময়ে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি সদস্য (নিবন্ধন ও সনদায়ন) অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম, নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান এবং কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল-মোতাহের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সচিব ও এল্ডারলি কেয়ার বাংলাদেশের সভাপতি মো. সাইদুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. সিরাজুল ইসলাম শিশির, গুরুদাসপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আলমাছ আলী এবং গুরুদাসপুর থানার ওসি (তদন্ত)।
অনুষ্ঠানে প্রবীণ সেবা কেন্দ্রের সুবিধাভোগী প্রবীণ ব্যক্তি ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রবীণদের যত্ন ও সেবায় দক্ষ জনবল তৈরি এবং প্রশিক্ষিত কেয়ার গিভারদের মাধ্যমে প্রবীণদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রথম ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয় এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাদের স্বাস্থ্যসেবা, দৈনন্দিন পরিচর্যা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত কেয়ার গিভারের প্রয়োজন রয়েছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি প্রবীণদের সেবার পাশাপাশি প্রশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









