সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে বেগম খালেদা জিয়া চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তিনি ছিলেন আপসহীন দেশনেত্রী। তার অবদান বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ করবে।
শনিবার (২২ আগস্ট) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপির কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের সেই মা। তার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাজশাহীতে এসে আরএমপির কার্যক্রমের শুভ সূচনা করেছিলেন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।”
তিনি আরো বলেন, “১৯৯২ সালে বেগম খালেদা জিয়া এই মাটিতে এসেছিলেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় তারা সক্রিয় ভূমিকা পালন করছে।”
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মন্ত্রী বলেন, “আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতবাসী করুন। শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজ তার জন্য কাঁদছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মো. মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ ভালো ও সচ্ছল ছিল। পরবর্তীতে অবৈধ চোরাচালান ও মাদক ব্যবসার মাধ্যমে অনেকে শত শত কোটি টাকার মালিক হয়েছে। মাদক ও মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু।
তিনি বলেন, “আজকের এই শুভদিনে আমার সকল সহকর্মীকে অনুরোধ করব, রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইতোমধ্যে আরএমপি মানুষের আস্থা অর্জন করেছে। আমরা এখানে সকল নেতারা আছি। এ বিষয়ে আমরা কেউ কখনো আপনাদের কিছু বলব না। আইন তার নিজস্ব গতিতে চলবে।”
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, “আমার সন্তান যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।”
ভূমিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তার নেতৃত্বেই দেশ সুখী ও সমৃদ্ধিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমানসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলকটি সেখানে ছিল না। নতুন করে নামফলকটি পুনঃস্থাপন করে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









