ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁও জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। এই আনন্দ উদযাপনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।
শনিবার (২ আগস্ট ২০২৬) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিক ও সুধীজন একত্রিত হন। এ সময় ঠাকুরগাঁওয়ের সন্তান দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হওয়ায় সবাই আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।
আনন্দ উদযাপনের একপর্যায়ে প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভির হাসান তানু ও সিনিয়র সাংবাদিক রাফিক সরকারসহ অন্যান্য সাংবাদিকরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।
এ সময় সাংবাদিক রাফিক সরকার বলেন, "মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের গর্ব। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। তার সফলতা আমাদের অনুপ্রেরণা।"
প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক তানভির হাসান তানু বলেন, "ঠাকুরগাঁওবাসী হিসেবে এটি আমাদের জন্য গর্বের দিন। আমরা দেশ ও জাতির কল্যাণে নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। একইসাথে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে তার সহযোগিতা কামনা করছি।"
ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে এ আনন্দ উদযাপন ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









