নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় ওয়াজ মাহফিল চলাকালে রনি মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভাই সাব্বির মিয়াও হামলার শিকার চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) রাতে ইউনিয়নের মালদ্বীপ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত রনি মিয়া ওই এলাকার মরহুম মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, চরহোগলা এলাকার বাসিন্দা রেজা মিয়ার ছেলে বাবু মিয়া ওরফে ‘চাপাটি বাবু’ এবং ইকবালসহ কয়েকজন অতর্কিতভাবে রনি ও তার ভাই সাব্বিরের ওপর হামলা চালায়। এ সময় চাপাতি দিয়ে রনিকে এলোপাথাড়ি কোপাতে থাকলে তার ডাক চিৎকারে ওয়াজ মাহফিল থেকে লোকজন ছুটে আসলে রক্তাক্ত জখম অবস্থায় রেখে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় রনি মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় মালদ্বীপ ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
শম্ভুপুরা ইউনিয়ন যুবদল নেতা ইয়ামিন জানান, ঘটনার পর তারা সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানা থেকে অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









