জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে ‘নজরুল সিটি’ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে সম্ভাব্যতা যাচাইয়ে কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ত্রিশালের বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পরিদর্শনকালে তারা উপজেলার কাজীর শিমলা এলাকায় রফিজ উল্লাহ দারোগা বাড়ির পাশে অবস্থিত নজরুল স্মৃতি কেন্দ্র, নামাপাড়ায় কবির জায়গীর বাড়ির পাশে অবস্থিত নজরুল জাদুঘর এবং কবির বাল্যশিক্ষার স্মৃতিবিজড়িত দরিরামপুর হাইস্কুলের বর্তমান সরকারি নজরুল একাডেমি ঘুরে দেখেন।
এ সময় ত্রিশাল উপজেলার নবাগত ইউএনও হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোর বর্তমান অবস্থা, সংরক্ষণ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।
এসব ঐতিহাসিক স্থানকে সমন্বিতভাবে উন্নয়নের মাধ্যমে ত্রিশালকে নজরুলচর্চা ও পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশবের গুরুত্বপূর্ণ সময় কেটেছে ত্রিশালে। ফলে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে তার স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি ত্রিশালের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









