পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত প্রধান মাদক ব্যবসায়ী মো. মাইনুল ইসলাম ওরফে সুমন পালিয়ে গেছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামের আদর্শপাড়া এলাকায় গোলাবাড়ি ব্রিজসংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাইনুল ইসলাম ওরফে সুমন সেখান থেকে পালিয়ে যায়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোসা. তানিয়া বেগম (৩৩), যিনি পলাতক মাইনুল ইসলাম ওরফে সুমনের স্ত্রী। মাইনুল ইসলামের বাবার নাম আব্দুল মালেক হাওলাদার। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার ইছাপুর এলাকায়।
অন্যজন হলেন মো. সুমন মৃধা (৩০)। তিনি বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া এলাকার মৃত হানিফ মৃধার ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ও বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার। অভিযানে এসআই সম্বিত রায়, এএসআই আরিফ ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









