সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে গোলাপগঞ্জের রাণাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ আগস্ট) বাদ আসর রাণাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবহন শ্রমিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন। স্থানীয়দের মতে, এটি গোলাপগঞ্জের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা।
জানাজায় অংশ নেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ময়নুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল মুহিতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মান শেষে তাকে শেষ বিদায় জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক অসুস্থ অবস্থায় সিলেট নগরীর নয়া সড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবহন শ্রমিক সমাজ, সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সেলিম আহমদ ফলিক দীর্ঘদিন শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করেছেন। তিনি সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে শোক প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









