টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটকবাহী চলন্ত হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর শিশু পর্যটক রুকাইয়া নুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) ভোরে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামের সামনে বৌলাই নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত রুকাইয়া নুর (১০) ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গত ২১ আগস্ট নিহত শিশু পর্যটক রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক একটি লাক্সারি ওয়াটার ভিলা হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার উদ্দেশ্যে রওনা হন। পরে দুপুর ১২টার দিকে যাদুকাটার শাখা বৌলাই নদীর মাহতাবপুর খেয়াঘাট সংলগ্ন চলন্ত হাউসবোট থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে তাৎক্ষণিক তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় নিখোঁজ শিশুর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেন। ২১ ও ২২ আগস্ট টানা দুই দিন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম অভিযান চালালেও শিশুটির সন্ধান মেলেনি। অবশেষে আজ ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৌলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









