নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়ে প্রায় চার হাজার ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে এ অভিযান চালানো হয়। এ সময় মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক। তিনি বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিএনপির নেতাদের সহযোগিতায় এ অভিযান চালানো হয়েছে। চলতি সপ্তাহে উচ্ছেদ অভিযান পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
ইউএনও আরও বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অধিকাংশ স্থায়ী অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। সড়কে বিভাজক (ডিভাইডার) স্থাপন না হওয়া পর্যন্ত ফুটপাত দখলমুক্ত রাখতে ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের আশা, মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা গেলে যানজট কমবে। তবে উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকানো ও সড়কে শৃঙ্খলা বজায় রাখাই হবে বড় চ্যালেঞ্জ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









