খাদ্যপণ্যে অনিয়মের অভিযোগে বগুড়ার সারিয়াকান্দিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কুতুবপুরের রুপা বেকারি ও সারিয়াকান্দির গোল্ডেন ফুড অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে রুপা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, নিম্নমানের উপাদান ব্যবহার, বিএসটিআইয়ের মানসনদ না থাকা সত্ত্বেও তা ব্যবহারের অভিযোগ এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গোল্ডেন ফুড অ্যান্ড রেস্টুরেন্টে খাবারে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহার এবং নিষিদ্ধ রেড বুল বিক্রি ও সরবরাহের দায়ে নিরাপদ খাদ্য আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা নিষিদ্ধ পণ্য পরে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, মানহীন উপাদান, পোড়া তেলে খাবার তৈরি ও বিএসটিআইয়ের মানসনদের ভুয়া স্টিকার ব্যবহারের মতো অনিয়ম পাওয়া গেছে। এসব বিষয়ে কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণ না করলে কারখানা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, রুপা বেকারিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









