নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মন্ত্রী কমপ্লেক্সটি পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কমপ্লেক্সের কার্যক্রম, শ্রমজীবী নারীদের আবাসন সুবিধা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
মন্ত্রী বলেন, হামলার পর থেকে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনিয়ম ও প্রতারণার অভিযোগে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ ধরনের প্রতারণা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরও বলেন, অনেক ট্রাভেল এজেন্সি বিদেশে শ্রমিক পাঠানোর কার্যক্রম পরিচালনা করছে, যা তাদের কাজ নয়। এ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশে কর্মী পাঠানোর প্রতিটি স্তর অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









