চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ৫৯ বিজিবির অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামে মুক্তার বিশ্বাসের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়।
অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ টুটুল (২৬) ও ছবি বেগমকে (৪২) আটক করা হয়। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকায়।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









