দিনাজপুরের খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ডসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সরকার (৪৮) এবং একই থানার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৬)।
পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকার চেয়ারম্যানপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে দুটি কালো রঙের বাওফেং বিএফ-৮৮৮এস মডেলের ওয়্যারলেস সেট, একটি রিয়েলমি সি৬৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ৩০ হাজার টাকা উল্লেখ ও স্বাক্ষর করা প্রিমিয়ার ব্যাংকের একটি চেক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
এ ছাড়া একটি কালো রঙের ম্যাক্স ব্র্যান্ডের স্কুলব্যাগ এবং কালো-লাল রঙের নিবন্ধনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার বলেন, এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আটক দুইজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









