জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজার এলাকায় ১৮ বস্তা ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৪টার দিকে নরুন্দি বাজার এলাকায় ঢাকা মেট্রো-ন-২১-৬৯২৯ নম্বরের একটি পিকআপে ঘোড়ার মাংস পরিবহনের সময় পাঁচজনকে আটক করা হয়। পরে পিকআপে তল্লাশি চালিয়ে ১৮ বস্তা মাংস উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৯০০ কেজি।
আটক ব্যক্তিরা হলেন—জুয়েল (৪০), পিতা মো. রমজান আলী; শহীদ মিয়া (৪০), পিতা নুরুল ইসলাম; আলফাজ মিয়া (৪৫), পিতা আবুল হোসেন; হুমায়ুন (৪৭), পিতা মকবুল হোসেন এবং রাসেল মিয়া (৩০), পিতা আমির হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ নরুন্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পিকআপটি আটক করে তল্লাশি চালানো হয় এবং মাংসগুলো জব্দ করা হয়।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামানের নেতৃত্বে এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেনের উপস্থিতিতে জব্দ করা মাংসের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মাংস বিক্রির সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পিকআপের চালক ও সহকারীকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পাঁচজনকে মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
পরে নরুন্দি তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে জব্দ করা ঘোড়ার মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









