নোয়াখালী সদর উপজেলায় দীর্ঘ ৫০ বছরের পুরোনো নির্বাচনী ভোট কেন্দ্র পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয় ভোটার ও এলাকাবাসী।
রবিবার (২৩ আগষ্ট) সকালে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ, তরুণ-তরুণী’সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “স্বাধীনতা পরবর্তী সময় থেকে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে আসছিল। কিন্তু বিগত সরকারের আমলে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পশ্চিম করিমপুর ‘হাজী রহমত উল্যা তালীমূল কুরআন নুরাণী মাদ্রাসায় কেন্দ্রটি স্থানান্তর করে নিয়ে যায়।”
বক্তারা আরও অভিযোগ করে বলেন, “জনমত জরিপ উপেক্ষা করে কেন্দ্রটি স্থানান্তর করায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে পূর্বের কেন্দ্রটিকে পুনঃ প্রতিষ্ঠার দাবি জানান তারা।”
সমাবেশে স্থানীয় সমাজসেবক মিজানুর রহমান, বেলায়েত হোসেন খোকন, মহি উদ্দিন, ইব্রাহিম খলিল ও মুহাম্মদ সুহেল সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
শুক্রবার হাজী রহমত উল্যা তালীমূল কুরআন নুরাণী মাদ্রাসায় কেন্দ্রটি পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি পক্ষ।
কেন্দ্র স্থানান্তর কিংবা পুনর্বহালের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রহমত উল্যা তালীমূল কুরআন নুরাণী মাদ্রাসায় কেন্দ্র রাখার দাবিতে দু'পক্ষ লিখিত আবেদন করেছেন। এনিয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে দুটি ভোট কেন্দ্রই রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









