পটুয়াখালীর দশমিনা উপজেলায় খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় মো. আল আমিন (৩৫) নামে এক জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তার কাছ থেকে একটি মাছ ধরার ট্রলার ও খালে প্রয়োগের জন্য ব্যবহৃত কীটনাশকের একটি বোতল উদ্ধার করা হয়।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন বন বিভাগের একটি খালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. আল আমিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমবাড়িয়া গ্রামের মো. আব্দুর রহিম শিকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা যায়, চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন বিভিন্ন খালে প্রায়ই কীটনাশক প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় মো. আল আমিনকে আটক করা হয়। পরে তাকে চরহায়দার ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে একটি কীটনাশকের প্লাস্টিকের বোতল ও একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। ওই রাতেই তাকে দশমিনা থানা হেফাজতে হস্থান্তর করা হয়।
চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, “শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন বিভাগের আওতাধীন একটি খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় মো. আল আমিনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মাছ ধরার ট্রলার ও কীটনাশকের একটি বোতল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।”
তিনি আরও জানান, রবিবার দুপুরে আটক আল আমিনকে আদালতে পাঠানো হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









