সীমান্ত এলাকার বেকার ও শিক্ষিত যুবকদের কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তুলতে পঞ্চগড়ে ইলেকট্রিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর উচ্চ বিদ্যালয়ে ১৮ বিজিবির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এক মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সীমান্ত এলাকার প্রায় ৩০ জন শিক্ষিত ও বেকার যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে ইলেকট্রিক হাউজ ওয়্যারিংয়ের বিভিন্ন বিষয়ে তাদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক।
১৮ বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ইলেকট্রিক হাউজ ওয়্যারিংয়ের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এতে তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখবে।
বিজিবি আরও জানায়, আত্মকর্মসংস্থানের পাশাপাশি সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, চোরাচালান, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবকদের দায়িত্বশীল ও কর্মমুখী নাগরিক হিসেবে গড়ে তুলে সীমান্ত এলাকায় নিরাপদ ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি তাদের উৎসাহিত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









