বাংলাদেশ পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী গ্রেড-২ পদে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।
রবিবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দিতে হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









