বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বাউশিয়া গ্রামের নদীর তীররক্ষা সিসিব্লকের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে বাউশিয়া এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া জেলে ও স্থানীয় বাসিন্দারা নদীর তীরে সিসিব্লকের সঙ্গে মরদেহটি আটকে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় হিজলা নৌ পুলিশকে।
খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তবে উদ্ধারের পরপরই ওই কিশোরীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ আশপাশের বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছে এবং সম্ভাব্য পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনা নদীর তীররক্ষা সিসিব্লকের কাছ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার বয়স আনুমানিক ১৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কিশোরীর পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে তথ্য পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









