নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালানো হয়।
হাইওয়ে পুলিশ জানায়, নোয়াখালী থেকে বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে থানার এসআই (নি.) আনজিল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসায়।
এ সময় লাল-সবুজ পরিবহনের একটি এসি বাসে তল্লাশি চালিয়ে বাসের চালক ফুয়াদ উদ্দিন (৩৬) ও হেলপার মো. সালাউদ্দিন (২২) এর তথ্য মতে বাসের মালামাল রাখার বক্সে থাকা একটি নীল রঙের কাপড়ের ব্যাগ থেকে কালো স্কচটেপ ও নীল পলিতে মোড়ানো ৩টি প্যাকেটে এক কেজি করে এবং অপর তিনটিতে দুই কেজি করে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।
কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ গণমাধ্যম এর কাছে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ফুয়াদ উদ্দিন নোয়াখালী সদর থানার সোনাপুর এলাকার নুর নবীর ছেলে এবং সালাউদ্দিন একই থানার মধ্য করিমপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
অফিসার ইনচার্জ শামীম শেখ আরো জানান, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলা আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









