বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পাঁচ বারের এমপি ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল এমপি, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, কেন্দ্রীয় বিএনপির ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি, জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, জেলা তাঁতীদলের সভাপতি মো. হুমায়ুন কবির কামালসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।
জানা গেছে, রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর তিনি পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে সকাল থেকেই তার মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়লে পলাশ নির্বাচনি আসনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, ‘‘ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়াতে পলাশবাসীর আশার প্রতিফলন ঘটেছে। ওনার মতো একজন সুদক্ষ মানুষের হাতেই এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিরাপদ। ওনার হাত ধরে এ দেশের সার্বিক অবকাঠামো উন্নয়ন সম্ভব।’’
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা বলেন, ‘‘মঈন খানের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এর হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব যাওয়া মানে নরসিংদীসহ সারাদেশের রাস্তাঘাট ও জীবনমানের উন্নয়ন হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









