চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নেওয়ার ২৭ দিন পর অপহৃত যুবক আকাশ সরদারের (২১) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানের ১৯ নম্বর টয়লেট সংলগ্ন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আকাশ সরদার ফরিদপুরের কোতোয়ালি থানার ঈশানগোপালপুর ইউনিয়নের রহমত বেপারীপাড়া গ্রামের মো. করিম সরদারের ছেলে। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে বেকার ছিলেন।
পুলিশ ও থানার মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই সকাল আনুমানিক ১০টায় পূর্বপরিচিত আসামি মো. মাজহারুল ইসলাম ভালো চাকরির প্রলোভন দেখিয়ে আকাশকে ফরিদপুরের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসেন।
একই দিন সন্ধ্যা ৭টার দিকে 'সুমন' নামের এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে আকাশের স্ত্রী জেরিনকে ফোন করে আকাশকে আটকে রাখার কথা জানায়। এরপর থেকেই আকাশের মোবাইল বন্ধ পাওয়া যায়।
পরিবারের সদস্যরা আসামিদের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ জানান। ২ আগস্ট নিহতের বাবা মো. করিম সরদার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হাসান সিকদার প্রধান আসামির অবস্থান শনাক্ত করেন। রিকুইজিশনের ভিত্তিতে র্যাব-১-এর একটি দল ২৩ আগস্ট রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে প্রধান আসামি মাজহারুলকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে আকাশকে হত্যা করে ইজতেমা ময়দানের ড্রেনে লাশ গুম করার কথা স্বীকার করে।
আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ আগস্ট সকালে ইজতেমা ময়দানের ড্রেন থেকে আকাশের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









