সিলেট নগরের শাহপরান এলাকায় নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৪ আগস্ট) মধ্যরাতে ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় থাকতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে।
পুলিশ রাতেই শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার এক ভাই এসে তাকে জানান, তার বাবাকে কারা যেন আটকে রেখেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, তার বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তার ঘাড়ে তিনটি কোপের চিহ্ন ছিল। সারা শরীর রক্তে ভেজা ছিল। পরে হাসপাতালে নেওয়ার পথে তার বাবা মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তার এক ছেলে ফ্রান্সে থাকেন। নিহতের স্ত্রী জানান, কারও সঙ্গে শাহাব উদ্দিনের কোনো বিরোধ ছিল না।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এদিনকে বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। কমিশনার স্যার ঘটনাস্থলে যাচ্ছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









