নীলফামারীর সৈয়দপুরে সার ও কীটনাশক বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন।
এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সহকারী কৃষি কর্মকর্তা আরেফিন ইসলাম এবং সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের শুরুতে শহরের নয়াবাজার এলাকায় উপজেলা সার ডিলার মেসার্স ইসলাম ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়। সেখানে সার বিক্রির রেজিস্ট্রারে ক্রেতা কৃষকের ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ না করা এবং গুদামের সার্বিক পরিবেশ সার সংরক্ষণের অনুপযোগী থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. নুর ইসলাম।
শহরের তামান্না সিনেমা হল মোড় সংলগ্ন মেসার্স মন্ডল ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন কোম্পানির প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। অভিযানিক দল এসব কীটনাশক জব্দ করে এবং দোকান মালিক মো. আ. সালামকে ৮ হাজার টাকা জরিমানা করে।
অভিযান শেষে ভবিষ্যতে সার ও কীটনাশক সংরক্ষণ, বিক্রয় এবং নির্ধারিত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের জন্য উভয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্টেট সাব্বির হোসেন জানান, কৃষি উপকরণ বিক্রিতে অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









