সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ কার্যক্রম। এক জায়গায় ১৩টি সরকারি দপ্তরের সেবা পেয়ে প্রথম দিনেই ব্যাপক সাড়া দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী মাদ্রাসা মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়।
পরীক্ষামূলক এ কার্যক্রমে স্বাস্থ্য, কৃষি, তথ্য, শিক্ষা, সমাজসেবা, প্রাণিসম্পদ, ভূমি ও নির্বাচনসহ ১৩টি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পৃথক বুথে সেবা দেন। সকাল থেকেই দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ প্রয়োজনীয় সরকারি সেবা নিতে বেলদী মাদ্রাসা মাঠে আসেন। সেবাপ্রত্যাশীদের জন্য মাঠে অস্থায়ীভাবে বিভিন্ন দপ্তরের বুথ স্থাপন করা হয়।
সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বিভিন্ন সেবা নিতে উপজেলা কার্যালয়ে গেলে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি অনেক সময় দীর্ঘ অপেক্ষা করতে হয়। একই স্থানে একাধিক দপ্তরের সেবা পাওয়ায় তাদের সেই ভোগান্তি অনেকটাই কমেছে। ইউনিয়ন পর্যায়ে নিয়মিত এ ধরনের কার্যক্রম চালু থাকলে সাধারণ মানুষের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে বলে তারা আশা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। এর ফলে সাধারণ মানুষ সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় সেবা নিতে পারছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পরীক্ষামূলকভাবে রূপগঞ্জে ‘ওয়ান-স্টপ’ সার্ভিস চালু করা হয়েছে। প্রথম দিনের কার্যক্রমে যারা এসেছেন, তারা প্রয়োজনীয় সেবা পেয়েছেন।
তিনি আরও বলেন, জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এ কারণে পরীক্ষামূলক কার্যক্রমের পর উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় সপ্তাহে অন্তত একদিন ওয়ান-স্টপ সার্ভিস চালু রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে মানুষের সময় ও ভোগান্তি কমবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









