নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ৯৯ শতাংশ মানুষেরই সচেতনতার অভাব রয়েছে। ভবন নির্মাণের সময় অনেকেই নিয়মকানুন ও অনুমোদিত নকশার বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করেন না। এতে পরবর্তীতে নানা ধরনের সমস্যা তৈরি হয়। ভবন নির্মাণের সময় অনুমোদিত নকশা ও বিধিমালা অনুসরণ করার পাশাপাশি পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাসহ অন্যান্য নিয়মকানুন নিশ্চিত করতে হবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও বিবি সড়কের বিভিন্ন ভবনে পার্কিং ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে বিভিন্ন ভবনের পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না এবং ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়মনীতি অনুসরণ করা হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় তিনি ভবন মালিকদের অনুমোদিত নকশা মেনে চলার পাশাপাশি নির্ধারিত পার্কিংয়ের জায়গা দখল বা অন্য কোনো কাজে ব্যবহার না করার জন্য সতর্ক করেন। এছাড়াও ভবন মালিকদের নিয়মনীতি মেনে ভবন নির্মাণ এবং পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব আরও বলেন, একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর গড়ে তুলতে ভবন নির্মাণের ক্ষেত্রে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে ভবনের পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা অন্য কাজে ব্যবহার না করে যথাযথভাবে পার্কিংয়ের জন্য সংরক্ষণ করতে হবে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণ কিংবা নির্ধারিত পার্কিংয়ের জায়গা অন্য কাজে ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নগরবাসীর অভিযোগ, নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকায় অনেক ভবনেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই। ফলে ভবনের সামনে ও সড়কের পাশে গাড়ি পার্কিং করায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। এতে পথচারীসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার নূর আলম, প্রধান ইমারত অফিসার ওমর ফারুক, ইমারত অফিসার বাতি বিশ্বাস, ইমারত অফিসার শফিউল্লাহ এবং সহকারী ইমারত অফিসার আবু সাদাত সায়েমসহ অন্যান্য কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









