গাইবান্ধার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ও সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিক এতে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ একে একে নিজ নিজ পরিচয় তুলে ধরেন এবং নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত জানান। উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা গাইবান্ধা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানাবিধ স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ এবং সম্ভাবনাময় খাতগুলোর বিষয় বিশদভাবে জেলা প্রশাসকের দৃষ্টিগোচর করেন।
সাংবাদিকদের কথা শোনার পর নবাগত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান সকলকে সাথে নিয়ে সরকারের উন্নয়নমূলক নীতি বাস্তবায়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে জেলার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য প্রদান ও সার্বিক সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









