পাহাড়ের দুর্গম জনপদে বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মমুখী দক্ষতা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। চাকরির পেছনে ছুটে সময় পার না করে তরুণদের হাতে-কলমে কাজ শিখিয়ে আত্মকর্মসংস্থানের পথ তৈরি করতেই শুরু হয়েছে তিন সপ্তাহব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা।
সোমবার (২৪ আগস্ট) দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পাঁচ ইউনিয়নের ৩৬ জন বেকার যুবককে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মশালায় ‘মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার’ এবং ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার’ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি।
আয়োজকদের ভাষ্য, দুর্গম পাহাড়ি এলাকার অনেক তরুণ কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় বেকার জীবন কাটাচ্ছেন। তাদের বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে স্থানীয়ভাবেই কাজের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে কেউ চাইলে নিজে কাজ শুরু করার পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন।
শুধু প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ করছে না দীঘিনালা জোন। অংশগ্রহণকারীদের যাতায়াত খরচের পাশাপাশি প্রশিক্ষণের প্রয়োজনীয় সরঞ্জামও বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। ফলে দুর্গম এলাকা থেকে আসা তরুণদের জন্য প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ হয়েছে আরও সহজ।
প্রশিক্ষণার্থীদের কয়েকজন বলেন, “এ ধরনের কাজ আগে হাতে-কলমে শেখার সুযোগ হয়নি। প্রশিক্ষণ শেষে নিজেদের এলাকায় কাজ করার সুযোগ তৈরি হলে বেকার না থেকে নিজেরাই আয় করতে পারব। ভবিষ্যতে এই দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আশা করছি।”
স্থানীয়দের মতে, পাহাড়ের তরুণদের জন্য কর্মসংস্থানের অন্যতম বড় বাধা হলো দক্ষতার ঘাটতি। তাই শুধু চাকরির সুযোগের অপেক্ষায় না রেখে তরুণদের কারিগরি কাজে দক্ষ করে তুলতে পারলে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নিতে পারবেন।
সংশ্লিষ্টরা বলছেন, একজন প্রশিক্ষিত যুবক শুধু নিজের কর্মসংস্থানই তৈরি করেন না; ভবিষ্যতে তার মাধ্যমে আরও কয়েকজনের কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। সে দিক থেকে দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের প্রশিক্ষণ দীর্ঘমেয়াদে বেকারত্ব কমানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
দীঘিনালা জোনের উদ্যোগে শুরু হওয়া এ প্রশিক্ষণ তাই শুধু একটি কর্মশালা নয় পাহাড়ের বেকার তরুণদের হাতে দক্ষতার হাতিয়ার তুলে দিয়ে চাকরিপ্রার্থী থেকে কর্মসৃষ্টিকারী হয়ে ওঠার একটি সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









