তথ্য প্রমাণ ছাড়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষূন্ন না করার আহবান জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান রোকন। তিনি বলেছেন, উদ্দেশ্য প্রনোদিত হয়ে তথ্য প্রমাণ ছাড়া গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভাবমুর্তি বিনষ্ট করবেন না। কোনো ব্যক্তি অপরাধ করলে গণমাধ্যমে তুলে ধরুন কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করে ভাবমুর্তি বিনষ্ট করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের দায়িত্বশীল আচরন আশা করছি।
সোমবার (২৪ আগষ্ট) দুপুরে ‘ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ : গণমাধ্যমের করনীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ময়মনসিংহ সিটি করপোরেশনকে জড়িয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ক্ষোভ প্রকাশ করে রুকুনোজ্জামান রোকন বলেন, যে তথ্যের কোন অস্তিত্ব নেই, সেই তথ্যের দায় চাপিয়ে সংবাদ প্রকাশ অপসাংবাদিকতার অংশ। আমরা গণমাধ্যমের কাছ থেকে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য প্রমাণ চাই।
এ সময় নগরীর বর্তমান ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে মসিক প্রশাসক বলেন, ডেঙ্গুর খবরে ‘রেডজোন’ শব্দটির ব্যবহার পাঠক সমাজে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়। আশা করবো গণমাধ্যম কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় রাখবে।
তিনি আরও বলেন, নগরীর প্রতিটি বস্তিবাসী এখন আগের চেয়ে অনেক ভালো । অনেকের ঘরে এখন মশার কয়েল জ্বালানো হয় না। আমি দায়িত্ব নেযার পর বস্তিবাসীর দুর্দশা লাগবে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছি। এজন্য প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধনে ওষুধ ছিটানো হচ্ছে।
এ সময় জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে নগরীতে আর কোন নতুন বাড়ী নির্মাণ হবে না। নতুন বাড়ী করতে হলে অবশ্যই পানি নিস্কাশনের ব্যবস্থা থাকতে হবে।
অনুষ্ঠানে ক্লাবের চিকিৎসা উপকমিটির আহবায়ক সাংবাদিক নিয়ামুল কবীর সজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন। এতে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ও ডেঙ্গু ফোকাল পারসন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান। সভায় তিনি বলেন, বয়স্ক, গর্ভবতী, কিডনি, ডায়াবেটিস রোগীর জন্য ডেঙ্গুর ঝুঁকি বেশি। কেউ ডেঙ্গু আক্রান্ত হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এজন্য সচেতনতা সবার জন্য অতিব জরুরী।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম ও প্রেসক্লাব সদস্য মীর গোলাম মোস্তফা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









