লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে দুই-তিন দিন ধরে অবস্থান করছেন ফেনীর এক তরুণী।
শনিবার (২২ আগস্ট) থেকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে কাতার প্রবাসী ইমনের বসতঘরের সামনে তিনি অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অবস্থানরত তরুণীর নাম ফাতেমা আক্তার। তিনি ফেনী থেকে এসে ইমনের বাড়িতে অবস্থান নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফাতেমা আক্তারের দাবি, বিয়ের আশ্বাস দিয়ে ইমন হোসেন তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এখন ইমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাই বিয়ের দাবিতে তিনি ইমনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।
ফাতেমা বলেন, ইমনের বিয়ের আশ্বাসে তিনি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এখন ইমন বিয়ে করতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান করছেন।
ফাতেমার অভিযোগের বিষয়ে ইমন হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ইমনের মা বলেন, আমার ছেলে ও মেয়েটির মধ্যে ফোনে কথা হয়েছে বলে শুনেছি। আমার ছেলে চার মাসের ছুটি নিয়ে দেশে এসেছিল। এখন আবার চলে গেছে। সে দেশে থাকাকালে মেয়েটি একবার বাড়িতে এসে ঝামেলা করেছিল। এখন আবার এসেছে। আমাদের ধারণা, আমাদের অপমান-অপদস্থ করার জন্যই সে এখানে এসেছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন হোসেন এর আগেও দুইটি বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে এ বিষয়ে ইমন হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। সে গা-ঢাকা দিয়েছে। তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ওই তরুণী এর আগেও একাধিকবার সেখানে এসেছেন। ১ জুলাই তিনি একই স্থানে অবস্থান করেছিলেন। তখন পুলিশ তাকে বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় তিনি প্রথমে সঠিক নাম-ঠিকানা দেননি। পরে যে নাম-ঠিকানা দিয়েছেন, সেটি যাচাই করতে কয়েকজন পুলিশ কর্মকর্তা সেখানে গিয়ে তদন্ত করেন, কিন্তু ওই ঠিকানার কোনো সত্যতা পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, ওই তরুণী সঠিক কোনো মোবাইল নম্বরও না দেওয়ায় তার নিরাপত্তার স্বার্থে তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছিল। পরে আদালত তাকে নিজ জিম্মায় ছেড়ে দেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন, তিনি আবারও একই জায়গায় এসে অবস্থান নিয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তারা নজরে রাখছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









