সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম শুরু হওয়ায় শুরুতে অনেকে কিছুটা দূরত্ব বজায় রাখার কথা বললেও সংস্থাটি কাজ শুরু করলে সবাই এর সুফল দেখতে পাবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিউকের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর উপস্থিত ছিলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সংস্থাটি এত ভয়াবহ কিছু না। কাজ শুরু করলে হয়তো সবাই পছন্দ করবে। কারণ তারা যে নকশাগুলো অনুমোদন করবেন, সেগুলো একটি ডিউ প্রসেসের মধ্য দিয়ে যাবে। আমার বিশ্বাস, এখানে আরও স্বচ্ছতা আসবে।’
তিনি আরও বলেন, সিলেটে অনেক উন্নয়ন পরিকল্পনা চলমান রয়েছে। শীত মৌসুম থেকে এসবের সুফল দেখা শুরু হবে বলে তিনি আশা করছেন। এর মধ্যে সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় এলজিইডির আওতাধীন গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটি হলে সিলেট বিভাগের, শুধু সিলেট জেলার নয়, গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে একটি বিরাট অগ্রগতি হবে।’
সিলেট শহরের জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে। শীত মৌসুম থেকেই প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সিলেট শহরের প্রাকৃতিক খালগুলো অনেক জায়গায় অবরুদ্ধ হয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হবে।
সিলেট শহরে একটি বড় পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, পুরোনো কারাগারের জায়গাটিকে একটি বিশাল পার্কে রূপান্তরের চেষ্টা চলছে। এটি বাস্তবায়িত হলে শহরের পরিবেশ ও বায়ুর মানে বড় ধরনের পরিবর্তন আসবে। পাশাপাশি নগরবাসীর হাঁটার জায়গা তৈরি হবে এবং পার্কটি পর্যটকদের জন্যও বড় আকর্ষণে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









